নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে চাঁদা না পেয়ে এক প্রবাসীর বাড়ীতে হামলা ও ভাংচুর চালিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে প্রবাসীর স্ত্রী ভুক্তভোগী শামীমা আক্তার (৬০) সোনাইমুড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এর আগে সোমবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বজরা গ্রামের আবুল হাসেমের নতুন বাড়ীতে এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, প্রবাসী আবুল হাসেমের স্ত্রী শামীমা আক্তার (৬০) তার বসত ঘরের পূর্ব পাশে মাটি ভরাট করছেন। এ সময় একই বাড়ীর মো. আবুল খায়েরের ছেলে মিজান (৩২), মনির হোসেন (২৫) ও সাইফুল ইসলাম (২২) তার কাজে বাধা দেয় এবং ১ লাখ টাকা চাঁদা দাবি করে। প্রবাসীর স্ত্রী শামীমা আক্তার টাকা দিতে না চাইলে তারা তাকে গালমন্দ করতে থাকে এবং প্রানে মেরেফেলার হুমকী দেয়। এক পর্যায়ে হামলা চালিয়ে তার বাড়ীর গেইট, দরজা, জানালা সহ সিসিটিভি ক্যামেরা ভাংচুর করে। এ সময় ১ লাখ ২০ হাজার টাকার ক্ষতি হয় বলে জানিয়েছে ভুক্তভোগী শামীমা আক্তার।
ভুক্তভোগী শামীমা আক্তার সাংবাদিকদের জানান, চাঁদা না দেয়ায় তার বসতঘরে হামলা চালিয়ে ভাংচুর করেছে সন্ত্রাসীরা। থানায় অভিযোগ করার পরও প্রতিনিয়ত প্রাণ নাশের হুমকী দিচ্ছে তারা। এ অবস্থায় নিরাপত্তা হীনতায় ভুগছেন তিনি।
অভিযুক্ত মিজান জানান, জমিতে মাটি ভরাটকে কেন্দ্র করে তারা প্রবাসী আবুল হাসেমের বসতঘরে ভাংচুর করেছে। কিন্তু, তারা চাঁদা চায়নি।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কবির হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা করা হবে।